বাংলার উৎসব রচনা/বাংলার বারো মাসে তেরো পার্বণ/উৎসবমুখর বাংলা/বাঙালির জীবনে উৎসব বৈচিত্র্য

বাংলার উৎসব রচনা
“আমাদের আনন্দ সকলের আনন্দ হউক, আমার শুভ সকলের শুভ হউক, আমি যাহা পাই, তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি এই কল্যাণী ইচ্ছাই উৎসবের – প্রাণ।” বলেন্দ্রনাথ ঠাকুর

বাংলার উৎসব রচনা : ভূমিকা : 

উৎসব মানুষের মনের আনন্দের উৎস। এক সামাজিক চেতনার আনন্দমুখর অভিব্যক্তি। জীবনকে নতুন করে উপলব্ধি করার সহায়ক। জীবনের দুঃখ-যন্ত্রণাকে দূরে রেখে এই উৎসবের মধ্য দিয়েই আনন্দকে আস্বাদন করা যায়। কবি ঈশ্বরগুপ্তের কথায় মনে পড়ে, ‘এত ভঙ্গ বঙ্গদেশ – তবু – রঙ্গে ভরা’। বাঙালি জীবনে উৎসবের আপ্রাণতা অনেক বেশি। ‘বারো মাসে তেরো পার্বণে’ ভরা এই বাংলা।

বাংলার উৎসব রচনা : প্রাচীন বাংলার উৎসবের রূপ : 

উৎসবক্ষেত্র বহু মানুষের মিলন মন্দির। ঘটে আত্মিক মিলন। একে অপরকে নতুন করে পাওয়া, বোঝা, জানা। ভাবের আদানপ্রদান। এক ব্যাপক সর্বজনীন ভাব। প্রাণবন্ত উচ্ছল পরিবেশ সৃষ্টি হত অতীতের উৎসবে। বাঙালি জীবনের উৎসবকে চারভাগে ভাগ করা যায় (ক) ধর্মকেন্দ্রিক উৎসব, (খ) ঋতুপ্রধান উৎসব, (গ) সামাজিক উৎসব ও (ঘ) রাষ্ট্রীয় উৎসব।

বাংলার উৎসব রচনা : ধর্মকেন্দ্রিক উৎসব : 

বাংলাদেশের বুকে নানা ধর্মীয় সম্প্রদায়ের মানুষের বসবাস। এখানে হিন্দু, মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি। এ ছাড়া জৈন, বৌদ্ধ ও শিখসম্প্রদায়ের মানুষও রয়েছেন। প্রত্যেক সম্প্রদায়েরই উৎসব একে একে অনুষ্ঠিত হয়। সিদ্ধিদাতা গণেশ পুজো দিয়ে বাঙালি হিন্দুর নববর্ষের সূচনা। তারপর দশহরা, রথযাত্রা, রাখিপূর্ণিমা, মনসা পূজা, বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব, লক্ষ্মীপূজা, কালীপূজা, জগদ্ধাত্রী পূজা, সরস্বতী পূজা প্রভৃতি। মুসলমান সমাজে মহরম, ইদুজ্জোহা, ইদ-উল ফিতর। জৈনদের পরেশনাথ উৎসব, খ্রিস্টানদের বড়োদিন, গুড-ফ্রাইডে ইত্যাদি উৎসব রয়েছে। এই উৎসবগুলিতে মানুষ দুঃখ ভুলে আনন্দের পসরা সাজিয়ে বসে।

বাংলার উৎসব রচনা : ঋতুপ্রধান উৎসব : 

বাংলার বুকে বাঙালির ঘরে ঋতু উৎসবগুলির মধ্যে বর্ষামঙ্গল উৎসব, অগ্রহায়ণ মাসে নতুন ধানের নবান্ন উৎসব, পৌষপার্বণ, পিঠে-পার্বণ উৎসব, মাঘোৎসব, ফাল্গুনের দোল উৎসব ও চৈত্রের চিতাভস্ম উড়ায়ে জুড়ায়ে জ্বালা পৃথ্বী’র বুকে আসে শিবের গাজন উৎসব। এভাবে উৎসবের মধ্য দিয়ে বর্ষারম্ভ ও উৎসবের মধ্য দিয়ে ঘটে বর্ষশেষ।

বাংলার উৎসব রচনা : সামাজিক উৎসব : 

সমাজ বাদ দিয়ে ব্যক্তির অস্তিত্ব নিরর্থক। ব্যক্তিগত কোনো আনন্দানুষ্ঠানে সমাজের মানুষের উপস্থিতিতে সার্থক হয়ে উঠে উৎসব। তাই ব্যক্তিগত কিছু অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক উৎসব উদ্যাপিত হয়। সামাজিক উৎসবের মধ্যে রয়েছে বারব্রত পালন, অন্নপ্রাশন, উপনয়ন, জামাইষষ্ঠী, ভ্রাতৃদ্বিতীয়া, বিবাহ, জন্মদিন পালন ইত্যাদি।

বাংলার উৎসব রচনা : রাষ্ট্রীয় উৎসব : 

এ ছাড়া রয়েছে রাষ্ট্রীয় উৎসব। এই উৎসবগুলিতে মানুষের মনে স্বাদেশিকতাবোধ, জাতীয় চেতনার জাগরণ ঘটে। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, পঁচিশে বৈশাখ, নেতাজির জন্মজয়ন্তী পালন, মানুষের হৃদয়কে এক গভীর অনুভূতির স্পর্শ দেয়।

বাংলার উৎসব রচনা : উপসংহার : 

মানুষ মাত্রেই উৎসবপ্রিয়। বিশেষত বাঙালি এদিক থেকে অগ্রণী। আর্থিক ক্লিষ্টতাকে দূরে রেখে জীবনকে উৎসবের রঙে রাঙাতে পারে। জীবন এখন অনেক জটিল, ব্যস্তময়। রয়েছে রাজনৈতিক সংকীর্ণতা। এসেছে পাশ্চাত্য সভ্যতার নির্মম ছোঁয়া। মূল্যবোধের ক্ষীণতা এসেছে। নাগরিকজীবনের বিলাসে মন আকৃষ্ট। তবু উৎসব কিন্তু মানুষের মনে মুক্তির স্বাদ এনে দেয়। ‘আমাদের উৎসবে ভাবেরই প্রাধান্য বাহিরের সমারোহ তার প্রধান অঙ্গ নহে ।
এই প্রবন্ধের অনুসরণে লেখা যায় : (১) বাংলার বারো মাসে তেরো পার্বণ, (২) উৎসবমুখর বাংলা, (৩) বাঙালির জীবনে উৎসব বৈচিত্র্য।
আরও পড়ুন প্রয়োজনে
আফ্রিকা কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Afrika Kobitar Question Answer Click here
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | AAy Aro Bedhe Bedhe Thaki Kobitar Question Answer Click here
অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর ক্লাস 10 | Osukhi Ekjon Kobitar Question Answer Click here
নদীর বিদ্রোহ গল্পের প্রশ্ন উত্তর ক্লাস 10 | Nodir Bidroho Golper Question Answer Click here

Leave a Comment

ফ্রিতে মক টেস্ট দিতে এখানে ক্লিক করুন